back to top

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নে সমন্বয় সেল গঠন

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১৫:১৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও নির্বিঘ্ন রাখতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে বন্দর সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংগঠনগুলোর সমন্বয়ে “চট্টগ্রাম পোর্ট সার্ভিস প্রোভাইডারস কোঅর্ডিনেশন সেল” গঠন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আগ্রাবাদস্থ সিএন্ডএফ টাওয়ারে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন কার্যালয়ে বন্দর সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমকে আহ্বায়ক করে এ সমন্বয় সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শওকত আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বন্দর সেবা প্রদানকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিপিং অফিস এসোসিয়েশনের প্রতিনিধি ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী, মো. দিদারুল আলম, মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের প্রতিনিধি পারভেজ আহমেদ, শিপ হ্যান্ডেলিং অপারেটর ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মসিউল আলম স্বপন, বিকডার প্রতিনিধি মো. এমরান মিয়া চৌধুরী, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল হক, চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসনে, আন্ত:জেলা মালামাল পরিবহন সংস্থার প্রধান উপদেষ্টা সালাহ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো: ইব্রাহীম খোকন, চট্টগ্রাম বন্দর ল্যাসিং-আনল্যাসিং ইউনিয়নের সভাপতি মো: ইকবাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি তেলের সংকট মোকাবেলায় সরকার রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহের নির্দেশনা প্রদান করেছে।

এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং লাইটারেজ জাহাজে দৈনিক চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।

এতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিলম্বের পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ ব্যাহত হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাই চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারে পণ্যের সরবরাহ ও মূল্যস্থিতি বজায় রাখার স্বার্থে বন্দরের পণ্যবাহী গাড়ি ও লাইটারেজ জাহাজে দৈনিক প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরী।

এছাড়া ঈদকে সামনে রেখে রপ্তানি পণ্যবাহী গাড়ি অফডকে প্রবেশের সময় চাঁদা দাবী বন্ধ করা এবং অফডকের শ্রমিক কর্তৃক বকশিস দাবী করে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় গঠিত কো-অর্ডিনেশন সেলের মাধ্যমে বন্দর সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন মর্মে সভায় একমত পোষণ করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি