সিটিজি নিউজ টুডে : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে এবং পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই হাতিয়া পৌর এলাকায় আকাশ মেঘলা ছিল। দুপুর দেড়টার দিকে জিহাদ গোসলের জন্য ঘর থেকে বের হন।
বাড়ির পাশের একটি রাজকড়ই গাছের নিচে অবস্থানকালে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে-তা নিশ্চিত করা গেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



