back to top

হনুমান জয়ন্তীতে মঙ্গলশোভাযাত্রা

সম্প্রীতির বার্তা, পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ১২:০৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীতে শ্রীশ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত মঙ্গলশোভাযাত্রার উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

এ সময় নগরকে নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার সকালে নগরীর জেএমসেন হলের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম নগরী একটি বহুজাতিক ও বহু ধর্মাবলম্বী মানুষের শহর।

এই শহরকে উন্নত ও বাসযোগ্য করতে হলে সকলের সম্মিলিত দায়িত্ববোধ প্রয়োজন।

তিনি নগরবাসীকে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ড্রেন ও নালায় ময়লা ফেলা বন্ধ করতে হবে, অন্যথায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

গত বছরের তুলনায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, চলতি বছরে এ সমস্যা আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।

ডেঙ্গু প্রতিরোধেও নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রামকে এমন একটি শহরে পরিণত করতে চাই, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের উৎসব পালন করতে পারবেন। কোনো ধরনের বৈষম্য বা অনিরাপত্তা এখানে স্থান পাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অংশগ্রহণের মাধ্যমে সকল সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দে পার্থ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে আয়োজিত মঙ্গলশোভাযাত্রায় বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। রঙিন সাজসজ্জা, ব্যানার ও ধর্মীয় প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি