চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একই ঘর থেকে আরেক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের জ্ঞান ফিরলে এ ঘটনার বিস্তারিত জানা যেতে পারে।
এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


