back to top

শুক্রবার ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৯:২২

জাতীয় ডেস্ক : ২০২৬ সালের হজ ফ্লাইট শুক্রবার (১৭ এপ্রিল) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন ৭৮ হাজার ৫০০ জন।

শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম বিমান যাত্রা। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

জানা যায়, এবার টিকিট মূল্য আগের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়াও এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি