back to top

ভোক্তাদের জন্য সুখবর, এলপিজি ও অটোগ্যাসের দাম কমালো বিইআরসি

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৫:৩০

১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৮৫ টাকা; প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ ৮৬ টাকা ৯৩ পয়সা

জুন মাসের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে।

একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। নতুন এই মূল্য আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের মূসকসহ খুচরা মূল্য প্রতি লিটার ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় বাড়ানো হয় এলপিজির মূল্য।

প্রথম দফায় ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।

পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি করে একই সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করে বিইআরসি।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এই দুই উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে এবং আমদানিকারক প্রতিষ্ঠানের ইনভয়েসমূল্যের গড় অনুযায়ী ডলারের বিনিময় হার হিসাব করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি