চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বদলের ডিজিটাল জালিয়াতির নেপথ্যে কারা?

মামলা হয়, তদন্ত চলে-কারসাজি থামছেই না! অভ্যন্তরীণ চক্র শনাক্তে সিআইডি!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৩:৫২

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফলাফল জালিয়াতি যেন এক অপ্রতিরোধ্য রোগে পরিণত হয়েছে। ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করানো কিংবা একাধিক বিষয়ে ফেল করেও জিপিএ-৫ পাইয়ে দেওয়ার মতো নজিরবিহীন কারসাজি বারবার সামনে আসছে।

একের পর এক মামলা আর তদন্ত কমিটি গঠন হলেও অনিয়মের এই দুষ্টচক্র ভাঙছে না। উল্টো প্রতিটি ঘটনার পর নতুন করে প্রশ্ন জাগছে-মূল হোতারা কি বারবারই আড়ালে থেকে যাচ্ছেন?

সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন পাঁচলাইশ মডেল থানায় ২৬/২৩৪ নম্বর মামলাটি দায়ের করেন।

এজাহার অনুযায়ী, পুনর্নিরীক্ষণের সময় পদার্থবিজ্ঞানের মূল খাতার সঙ্গে কম্পিউটার সেলের প্রিন্ট আউটের নম্বরে আকাশ-পাতাল পার্থক্য ধরা পড়ে।

বোর্ড চেয়ারম্যানের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ও আইসিটি বিশেষজ্ঞদের পর্যালোচনায় বেরিয়ে আসে, ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশে অবিশ্বাস্য হারে নম্বর বাড়ানো হয়েছে।

বাংলার প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ২৩ থেকে ৩৩ ও ২৪ থেকে ৬২, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৩৩ থেকে ৮৩ ও ২০ থেকে ৮২, গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়। এমনকি উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে শূন্য পাওয়া ওই শিক্ষার্থীকে দেওয়া হয় যথাক্রমে ৪৬ ও ৪৫ নম্বর। আর রসায়ন ও জীববিজ্ঞানে ১ নম্বর বাড়িয়ে ৪৬ করা হয়।

এমন ভয়াবহ জালিয়াতির ঘটনা নতুন নয়। এর আগেও এসএসসির ৩৪টি উত্তরপত্রের নম্বর বদলে ১৭ শিক্ষার্থীকে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের তৎকালীন কর্মকর্তা অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির মামলাও এখনো পুরোপুরি আলোর মুখ দেখেনি।

২০২৫ সালের ২১ জানুয়ারি তৎকালীন সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদের করা সেই মামলায় নারায়ণ চন্দ্র নাথ, কিবরিয়া মাসুদ খান, নক্ষত্র দেবনাথ ও অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে আসামি করা হয়।

তদন্তে প্রমাণিত হওয়ায় নক্ষত্রের ফলাফল ও সনদ বাতিল হয় এবং দুই কর্মকর্তা কারাভোগ শেষে জামিনে বের হন। কিন্তু আজও সেই মামলার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের রহস্যময় আবেদনকারী শনাক্ত হয়নি।

চকবাজারের ‘চকরিয়ার কম্পিউটার’ থেকে মামুনুর রহমান মামুনের নিবন্ধিত টেলিটক নম্বর ও সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীমের নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করে আবেদন করা হয়েছিল।

পরবর্তীতে নক্ষত্রের মা বনশ্রী নাথের করা সাইবার ট্রাইব্যুনালের মামলায় কাউন্টার টেরোরিজম বিভাগ ‘Alex Alim’ ও ‘Edris Ali’ নামের দুটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার প্রমাণ পেলেও, প্রকৃত আবেদনকারী অধ্যাপক আবদুল আলীম নাকি মুহাম্মদ ইদ্রিস আলী-তা আজও অমীমাংসিত।

‘বলির পাঠা’ কি কেবল কর্মচারীরা?
২০২৬ সালের এসএসসি ফল জালিয়াতির মামলায় আসামি করা হয়েছে স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী,
মো. রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে।

কিন্তু ফলাফল প্রস্তুতের মূল কারিগরি দায়িত্বে থাকা কম্পিউটার শাখার দুজন প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

অন্য একটি শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামাররা মূল ফলাফল প্রস্তুত ও সার্ভারে প্রবেশের প্রধান দায়িত্বে থাকেন। অথচ যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা দৈনিক মজুরিভিত্তিক সাধারণ কর্মচারী।

নম্বর পরিবর্তনের প্রক্রিয়ায় রোল নম্বর থাকে না, মূল ডিভাইসে প্রবেশ করতে হয়। মূল কর্মকর্তাদের কৌশলে বাঁচিয়ে কেবল দৈনিক কর্মচারীদের বলির পাঠা বানানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই মামলা হয়েছে। প্রাথমিকভাবে স্ক্যানিং প্রক্রিয়ায় জালিয়াতি এবং বুয়েটের অনলাইন ও আইটি ব্যবস্থার দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কাজের চাপে দৈনিক মজুরিভিত্তিক ৮-১০ জন কর্মচারী নিয়োগের সুযোগে এই চক্র সক্রিয় হয়েছে কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভ্যন্তরীণ চক্র শনাক্তে সিআইডি!
বারবার মামলা ও পুলিশের সাধারণ তদন্তে ডিজিটাল কারসাজির মূল রহস্য উদ্ঘাটন না হওয়ায় এবার নতুন মামলাগুলো অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আগের নক্ষত্র দেবনাথের মামলার অভিযোগপত্রে কিবরিয়া মাসুদ খানের বিরুদ্ধে অফিস সময়ের পর একাকী কাজ করা এবং নারায়ণ চন্দ্র নাথের নির্দেশে সার্ভারে তথ্য আপলোডের কথা বলা হলেও, কোন কম্পিউটার, ইউজার আইডি বা আইপি অ্যাড্রেস থেকে তা করা হয়েছে-তার কোনো ফরেনসিক প্রমাণ ছিল না।

নতুন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত এবং ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছেন, সিআইডিতে হস্তান্তরের আনুষ্ঠানিক কাগজ এখনো তাঁরা পাননি এবং ডিজিটাল ফরেনসিক পরীক্ষার বিষয়টি তদন্তাধীন।

সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলমের মতে, বোর্ডে দীর্ঘদিনের বিচারহীনতা ও জবাবদিহির অভাবেই অপরাধীরা ছোট অনিয়ম থেকে বড় জালিয়াতির সাহস পাচ্ছে।

চট্টগ্রামবাসীর এখন একটাই প্রত্যাশা-সিআইডির মতো বিশেষায়িত সংস্থা দায়িত্ব পেলে সার্ভার লগ ও ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে সামনের সারির কর্মচারী ছাড়াও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া মূল হোতাদের মুখোশও উন্মোচিত হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি