আসন্ন পবিত্র রমজান মাসে চিনির বাজার স্থিতিশীল রাখা ও চাহিদা মেটাতে এস আলম সুগার মিলসহ বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
একই সঙ্গে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মানবেতর জীবনযাপনের অবসান ঘটাতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় বিক্ষোভ মিছিল করেন কারখানাগুলোর শ্রমিকেরা।
বিক্ষোভ মিছিলে শ্রমিকেরা ‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’, ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’-এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
মিছিলটি মইজ্জারটেক এলাকা থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু অতিক্রম করে চট্টগ্রাম নগরের দিকে অগ্রসর হয়।
মিছিল শেষে শ্রমিকেরা নগরের আদালত ভবন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।
সেখানে অবস্থান কর্মসূচি পালনের পর শ্রমিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক নেতারা জানান, এস আলম সুগার মিলসহ সংশ্লিষ্ট যেসব কারখানায় তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করতেন, সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন।
আয়ের পথ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁদের চরম অর্থসংকট ও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
শ্রমিকেরা আরও বলেন, সামনে পবিত্র রমজান মাস। এ সময় দেশে চিনির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। দেশের অন্যতম বৃহৎ এই চিনিকলসহ সংশ্লিষ্ট কারখানাগুলো চালু করা হলে একদিকে যেমন আসন্ন রমজানে বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক থাকবে, অন্যদিকে কর্মহীন শ্রমিকেরাও তাঁদের জীবিকা ফিরে পাবেন।
তাই দেশের ভোক্তাস্বার্থ ও শ্রমিকদের জীবন বাঁচাতে দ্রুত কারখানাগুলো খুলে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


