চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ হাজার ৫শ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকিসহ যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রেলওয়ে স্টেশনের ৭ নম্বর পার্কিং প্রবেশ মুখে অভিযান চালিয়ে এসব জালনোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মৃত মাহবুল হকের ছেলে মো. আজিম (৩০) ও তার সহযোগী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩৬)। তারা দুজনই চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার এলাকার সুপার মার্কেটের মুরগিহাটা লেইনের একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে জালনোট ব্যবসার সাথে সম্পৃক্ত। দুজনে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রেখে শহরে জালনোট ব্যবসা পরিচালনা করতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, জালনোট ব্যবসায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


