ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৮:৫৩

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০২ জন এবং ঢাকার বাইরে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে বিভাগওয়ারি আক্রান্ত রোগীদের সংখ্যা হলো— ঢাকা বিভাগে (ঢাকাসহ) ১৫৮ জন, চট্টগ্রামে ৮৫ জন, বরিশালে ১৩৩ জন, ময়মনসিংহে ৫০ জন, খুলনায় ৬২ জন, রংপুরে ১৯ জন, রাজশাহীতে ৪৭ জন এবং সিলেটে ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৪২ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ১৫ জন।