চট্টগ্রামে গোপনে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে প্রচার করায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখানী থানা পুলিশ।
গতকাল সোমবার (১০ নভেম্বর) ভিকটিমের মায়ের দায়ের করা অভিযোগের পর ওইদিনই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮), একই গ্রামের মো. লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬) ও মো. সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)।
গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।
পুলিশ পরিদর্শক জানান, সোমবার কলেজশিক্ষার্থীর মা তিন যুবকের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামি তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এইসএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করেন গ্রেপ্তার তিন যুবক। পরে তারা ওই ভিডিও শিক্ষার্থীর স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠান।
মামলার বাদির বরাত দিয়ে ওসি লুৎফুর রহমান জানান, আসামি আহাদ দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে ওই নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন।
এতে সাড়া না দেয়ায় তিনি ক্ষতি করার হুমকি দেন। ১০ নভেম্বর দুপুরে প্রতিবেশীর মাধ্যমে ভিডিও প্রচারের বিষয়টি জানতে পেরে মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর মা।



