চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনে জোটের প্রার্থীর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আনোয়ারায় ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে প্রচার কার্যক্রম স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় আনোয়ারার কালাবিবির দিঘি এলাকায় একটি রেস্টুরেন্টে এনসিপি চট্টগ্রাম-১৩ আসন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ‘চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী করেছে।
কিন্তু এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মনোনয়ন প্রত্যাহার না করে বরং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
ফলে আমরা চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সব ধরনের প্রচারণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির প্রচারণা অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণ জেলা এবং আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



