back to top

চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ০৭:২৭

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের শতাধিক গ্রামে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এদিন ঈদের নামাজ আদায় করছেন।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা হানাফি মাজহাব অনুযায়ী বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ চন্দ্র মাস সংশ্লিষ্ট ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করছেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

দরবারটির অনুসারীরা সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়া, গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, বাজালিয়া, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা ছাড়াও চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও সীতাকুণ্ডের বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করছেন।

এছাড়া চট্টগ্রামের বাইরে ফেনী, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, নোয়াখালী, বরিশালসহ বিভিন্ন জেলার বহু গ্রামেও একইভাবে ঈদ উদযাপিত হচ্ছে।

পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন গ্রামেও দরবারটির অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হানাফি মাজহাব অনুসরণ করে আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার ভিত্তিতেই এদিন ঈদ উদযাপন করছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি