back to top

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ০৮:৩৮

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইরফান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তিনি নগরীর মনসুরাবাদ এলাকা থাকতেন বলে জানা গেছে।

এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলের দীপ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ফিশারি ঘাট এলাকার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইরফান নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহত সোলেমানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার অবস্থার অবনতি ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক জানান, রাতে বাকলিয়া থানা এলাকা হতে অজ্ঞাত ভিকটিমকে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ০২ নং ওয়ার্ডে প্রেরণ করেন। সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত একটি সুজুকি (নম্বর: চট্টমেট্টো-ল-২১-৮৯৬৪) এবং একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান ওসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি