চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তৃতীয় তলার বোর্ড রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদায়ী এমডি মনোয়ারা বেগমকে সংবর্ধনা জানানো হয়।
একই সঙ্গে নবনিযুক্ত এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম।”
এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নতুন দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে কার্যক্রমে আরও গতিশীলতা আনা এবং গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



