কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন জনপ্রিয় পর্যটন এলাকা ফয়েজ লেকে পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ আগস্ট ২০২৪ তারিখে কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের নিরাপত্তা বলয় ভেঙে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি।
চাঞ্চল্যকর এই পলাতক আসামিকে আইনের আওতায় আনতে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়।
দীর্ঘ নজরদারির পর র্যাব গোপন সূত্রে সংবাদ পায় যে, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার এই পরোয়ানাভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় গোপনে আত্মগোপন করে আছে।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে র্যাব-৭-এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২টার দিকে ফয়েজ লেক এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাকে বন্দি করে।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় আইন শৃঙ্খলা ভঙ্গ, পুলিশের কাজে বাধা ও অগ্নিসংযোগসহ একাধিক গুরুতর অভিযোগে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৫৩, ২২৪, ৪২৭, ৩৩২, ৩৩৩, ৪৩৬ ও ৩৪ ধারায় মামলা (মামলা নম্বর-০৪, তারিখ: ১৫ আগস্ট ২০২৪) রয়েছে।
গ্রেপ্তারকৃত বাহাদুর মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


