মূল্য তালিকা উধাও, ভাউচারের পাত্তা নেই!

ফলমন্ডির তিন ব্যবসায়ী গুণলেন জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২

ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচার স্বচ্ছতা রাখতে পণ্যের সঠিক মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং ক্রয়-বিক্রয়ের রসিদ (ভাউচার) সংরক্ষণ করা আইনি বাধ্যবাধকতা।

কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফলমন্ডিতে আছড়ে পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফলমন্ডিতে এক ঝটিকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না রাখা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ফলমন্ডির বিভিন্ন আড়ত ও প্রতিষ্ঠানে তল্লাশি চালায় ভোক্তা অধিকারের টিম।

এ সময় অপরাধের সত্যতা পাওয়ায় মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা সর্বসাধারণের দৃশ্যমান স্থানে হালনাগাদ রাখা এবং প্রতিটি লেনদেনের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ নিশ্চিত হয়।

তিনি আরও সতর্ক করে জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ঝটিকা তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পেলে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি