ফটিকছড়িতে ইয়াবা সেবনের মুহূর্তেই ভ্রাম্যমাণ আদালতের হানা: ২ যুবকের কারাদণ্ড-জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক হওয়া দুই যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফরহাদ হোসেনকে এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকা থেকে মাহমুদুল হককে আটক করা হয়।

আটককৃত ফরহাদ হোসেন উত্তর ধুরুং এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে এবং মাহমুদুল হক ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ফরহাদ হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে মাহমুদুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পাশাপাশি মোট ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে জব্দকৃত সকল মাদকদ্রব্য প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

মাদকের কারবার কিংবা সেবনের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি