চট্টগ্রামে দুই হত্যা মামলা: সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৭:৫০

চট্টগ্রামের আলোচিত দুই পৃথক হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’ নামের এক যুবকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে বাকলিয়া থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে অন্যতম আসামি ও কিলিং স্কোয়াডের প্রধান সমন্বয়ক হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলার তদন্তের স্বার্থে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেভিড ইমন চট্টগ্রামের অপরাধ জগতের পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’ এর অনুসারী ও সক্রিয় সহযোগী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি