রং ও তেলাপোকাযুক্ত অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদের তথ্যহীন পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৭:১৫

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় ক্ষতিকর কেমিক্যাল ও নিষিদ্ধ রঙ মিশিয়ে খাদ্য প্রস্তুত করার অপরাধে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার (১ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, আতুরার ডিপোর ওই কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে কেমিক্যালের রঙ ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছিল।

এছাড়া খাদ্যদ্রব্যের মাঝে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পাওয়ায় মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অনিয়মের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে নকল ডানো ক্রিম বিক্রি এবং খাদ্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল-কেওড়া জল ও গোলাপজল বিক্রির দায়ে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা এবং মোড়কে মেয়াদের তথ্য ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি