ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!
ওই পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করা হয়েছে, যেখানে তাকে বিমানের ভেতরে অবস্থান করতে দেখা যায়।
ছবিটিতে তার সঙ্গে আরও রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা ঠিক কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার সকাল ১১টা ২০ মিনিট) আসিফ মাহমুদের ওই পোস্টে ৯০ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে।
পাশাপাশি সাড়ে চার হাজারের বেশি নেটিজেন এতে বিভিন্ন মন্তব্য করেছেন এবং দুই শতাধিক ব্যক্তি পোস্টটি শেয়ার করেছেন।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সাবেক এই উপদেষ্টার এমন ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


