কদমতলী ও রেলি কলোনীতে মধ্যরাতের অভিযান, সন্দেহভাজন ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২৩:৪২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় গভীর রাতে নির্জন স্থান ও অলিগলিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার ভোর রাত পর্যন্ত থানা এলাকার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিট থেকে রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত সদরঘাট থানার আওতাধীন সাহেবপাড়া, কদমতলী এবং পুরাতন কাস্টম রেলি কলোনী এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর সরাসরি নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশের মোবাইল-২৪ (নৈশ), স্পেশাল-২৪ (নৈশ) ও লিমা-২৪ (নৈশ) টিমের সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, গভীর রাতের নির্জনতায় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত এই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে সেখানে অবস্থানের সুনির্দিষ্ট বা সন্তোষজনক কোনো কারণ তাঁরা দর্শাতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৮৮(ডি) ধারার অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে একই অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী তাঁদের আইনানুগভাবে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন-মো. হাবিবুর রহমান, মো. আজগর আলী, মো. রাজু, মো. জীবন (২৬), মো. আব্দুস শহিদ, রাকিবুল ইসলাম মানিক, মো. সাজ্জাদ হোসেন প্রকাশ রাহি, মো. জীবন (২৮), মো. ইউসুফ, মো. রাকিব, মো. হাসান, মো. রুবেল সাজি, মো. অলি, মো. ফাহিম ইসলাম, মো. শাহজাহান হায়দার, মো. ফাহিম, মো. রাসেল, মো. সাইফুল, মো. মনির ও মো. ইব্রাহিম।

এ ঘটনায় সদরঘাট থানায় সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৩৪২২/৩২৩/৩২৪ (তারিখ: ৬ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি