নোয়াখালীর সেনবাগে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির ওই এলাকার উত্তরপাড়া এলাকার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের দিঘিরপাড় পাকা সড়ক পার হচ্ছিল সামির।
এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশু সামিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত পুরো এলাকার মানুষ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।
তিনি জানান, দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


