চট্টগ্রামে ভেজাল ও অনিয়মের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৬:১৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে আর্থিক দণ্ড দেওয়া হয়।

কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলে দেখা গেছে, হোটেলটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে কোতোয়ালি মোড় এলাকার ফারুকের ফলের দোকানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ১ হাজার ও সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফলমুন্ডি এলাকায় একই অপরাধে আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি