ভোর ৬টায় কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মহড়া, আগুন ও ঝটিকা মিছিল!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৪:৪০

চট্টগ্রাম-কক্সবাজারের সংযোগস্থল কর্ণফুলীতে রাতের আঁধার কাটার পরপরই দেখা গেল ভিন্ন এক চিত্র। পিএবি মহাসড়কের ওপর আগুন জ্বলছে, চারদিকে বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী।

ব্যানারে লেখা দাবি ও কণ্ঠে দলীয় স্লোগান নিয়ে আকস্মিক সড়কে নেমে এলো ১৫-২০ জনের একটি দল।

শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগানে কেঁপে ওঠে এলাকা।

খবর নিয়ে জানা যায়, এই ঝটিকা বিক্ষোভের নেপথ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল প্রায় ৬টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওচিত্র বিশ্লেষণে দেখা যায়, হাতে ব্যানার নিয়ে একদল যুবক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

এ সময় তাঁরা ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার স্বপদে ও দেশে ফেরার দাবিতে স্লোগান দেন।

স্থানীয সূত্রে জানা গেছে, ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এবং আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ বেশ কয়েকজন সক্রিয় নেতাকর্মীকে দেখা গেছে।

তাঁদের অধিকাংশের বাড়ি কর্ণফুলী ও পার্শ্ববর্তী আনোয়ারা এলাকায়।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির আকস্মিক ঝটিকা মিছিল, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর আসছে।

কোনো পূর্বঘোষণা ছাড়া কয়েক মিনিটের মধ্যে এসব কর্মসূচি শেষ করে সটকে পড়ার কৌশল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জননিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

মাঝপথে অবরুদ্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী ও চালকেরা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, মিছিল সংঘটিত হওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। তবে ভোর ৬টার দিকে খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করেছে।

বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি