চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহেদ হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোসাইপাড়ার দক্ষিণের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওস্তাপাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে তিনি পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শান্তিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শাহেদ।
পথিমধ্যে রোসাইপাড়ার দক্ষিণের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্য ও মাদ্রাসার অধ্যক্ষ মারফতুন নুর তরুণের মৃত্যুর এই সংবাদ নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


