চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর সুবাহান ওরফে সোবাহান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তক্তারপুল এলাকায় সোবাহানের বাড়ির সামনের গলির মুখে এ হামলার ঘটনা ঘটে।
মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের লোকজন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সোবাহানকে উপর্যুপরি কোপায়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে বিচারাধীন মোট ১৯টি মামলা রয়েছে।
ওসি শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


