সরকারি বেতনের দুই দরজা খুলে রেখেছেন শিক্ষক শাহ আলম! তদন্ত চেয়ে দুদকে আবেদন

কাগজে দুই কর্মক্ষেত্র, বাস্তবে উপস্থিতি কোথায়?

সরকারি অর্থ লোপাটের অভিনব কায়দা প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪২

শিক্ষার মতো একটি পবিত্র ও মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করে রাউজান উপজেলায় অভিনব কায়দায় একযোগে দুটি ভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি বেতন-ভাতা উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত এই শিক্ষকের নাম মাওলানা মোহাম্মদ শাহ আলম। একই সঙ্গে একটি এতিমখানা এবং একটি দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে বহাল থেকে বছরের পর বছর সরকারি কোষাগার থেকে অর্থ হাতিয়ে নেওয়ার এই গুরুতর অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিক সিরাজুল ইসলাম ডাকযোগে পাঠানো এই অভিযোগের পর রাউজানের শিক্ষাঙ্গন ও স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক শাহ আলম ২০০২ সালের ১ সেপ্টেম্বর শিক্ষকতা পেশায় যোগদান করেন। অভিযোগ উঠেছে, তিনি অত্যন্ত সুকৌশলে এবং প্রশাসনিক চোখ ফাঁকি দিয়ে নিজের একক প্রভাব ও আধিপত্য বজায় রেখে রাউজান উপজেলার ঠাকুরবাড়ী এলাকার ‘হাফেজিয়া মুনিরুল মোস্তফা এতিমখানা’ এবং একই উপজেলার উত্তর গুজরা এলাকার ‘আধার মানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদ্রাসায়’ একসঙ্গে শিক্ষক ও প্রধান হিসেবে কর্মরত দেখিয়ে আসছেন।

নিয়মবহির্ভূতভাবে দুটি পৃথক প্রতিষ্ঠানকে নিজের কর্মক্ষেত্র বানিয়ে তিনি দীর্ঘকাল ধরে নিয়মিতভাবে উভয় প্রতিষ্ঠান থেকেই সরকারি কোষাগার থেকে বেতনের অংশ বা সরকারি অনুদান তুলে নিচ্ছেন বলে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে অভিযোগে।

অথচ প্রচলিত সরকারি চাকরি বিধিমালা এবং এমপিও (MPO) নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো একজন ব্যক্তি একই সঙ্গে দুটি সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে বেতন কিংবা আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগকারী সিরাজুল ইসলাম তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, একজন শিক্ষক একই সঙ্গে দুটি সরকারি অনুদানপ্রাপ্ত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে বেতন গ্রহণ করবেন-এটি সম্পূর্ণ বেআইনি, সরকারি কোষাগারের অর্থ লুটপাট এবং সুস্পষ্ট দুর্নীতি।

বিষয়টি যদি নিরপেক্ষ ও কঠোরভাবে তদন্ত করা হয়, তবে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে এবং প্রকৃত চিত্র উন্মোচিত হবে।

তিনি দুদক চেয়ারম্যানের নিকট অবিলম্বে বিষয়টি সরেজমিনে যাচাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এই গুরুতর অভিযোগের বিষয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য জানার জন্য অভিযুক্ত শিক্ষক শাহ আলমের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগের পর তিনি মুঠোফোনে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কথা স্বীকার করলেও বেতন ও সুবিধাভোগের বিষয়ে প্রতিবেদকের সাথে পরে যোগাযোগ করবেন জানিয়ে ফোন কেটে দেন। এর ঘন্টাখানেক পর থেকেই সংবাদটি প্রকাশ না করার জন্য একাধিক মাধ্যম থেকে অনুরোধ জানানো হয়।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর মতে, শিক্ষার মতো একটি পবিত্র অঙ্গনে থেকে যদি কেউ এ ধরনের অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন, তবে তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই অত্যন্ত লজ্জাজনক ও হুমকিস্বরূপ।

দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন