রাতের চট্টগ্রামে স্বস্তি ফেরাতে মাঠে জেলা প্রশাসন, চার সার্কেলে সাঁড়াশি তদারকি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:৪৯

বন্দরনগরী চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় বিশেষ নিরাপত্তা টহল ও তদারকি কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক কেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতে একযোগে এই নজরদারি চালানো হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের চারটি পৃথক সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চারটি দল মাঠে নেমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

অভিযানের অংশ হিসেবে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে নগরের প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেওয়া হয়।

এ সময় কোর্ট বিল্ডিং, সার্কিট হাউজ ও ডিসি হিলসহ সংলগ্ন স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় এবং দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, নগরের বাণিজ্যিক ও বন্দরকেন্দ্রিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানা এলাকায় নিবিড় তদারকি চালানো হয়।

একই সময়ে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানার গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি পরিচালনা করা হয়।

এ ছাড়া নগরের উত্তর-পূর্বাঞ্চল ও শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ছিলেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন হোসেন।

তাঁর নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় টহল পরিচালিত হয়।

টহল ও তদারকি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় সংশ্লিষ্ট সব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে।

কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা অসংগতি পরিলক্ষিত হয়নি।

নগরবাসীর জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের বিশেষ টহল এবং তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি