ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় হঠাৎই সশস্ত্র অনুপ্রবেশ।
পিকআপ ভ্যানে করে আসা সন্ত্রাসীরা বন্দরের অভ্যন্তরে ঢুকে কনটেইনারে অগ্নিসংযোগ করে আত্মগোপন করে। মুহূর্তেই জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) প্রাথমিক তৎপরতার পর নামে যৌথ বাহিনী।
সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল, সোয়াট ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে অস্ত্রসহ আটক হয় পাঁচ অনুপ্রবেশকারী।
আসল ঘটনার মতো রুদ্ধশ্বাস ও বাস্তবসম্মত মনে হলেও এটি ছিল মূলত একটি ‘লাইভ অ্যান্টি-টেররিজম’ বা সন্ত্রাসবিরোধী মহড়া।
চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বাড়াতে বুধবার (১৮ নভেম্বর) এই মহড়ার আয়োজন করা হয়।
বন্দরের ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
মহড়ার দৃশ্যপট অনুযায়ী, শুরুতে ভুয়া পরিচয়পত্রে অনুপ্রবেশের চেষ্টা, জোরপূর্বক বন্দরে প্রবেশ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহন নিয়ে হামলার পরিস্থিতি তৈরি করা হয়।
সন্ত্রাসীরা কনটেইনারে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বন্দরের নিরাপত্তা স্তর-১ ও স্তর-২ পেরিয়ে সর্বোচ্চ ‘নিরাপত্তা স্তর-৩’ ঘোষণা করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুইক রেসপন্স টিম (কিউআরটি)। সিসিটিভি পর্যবেক্ষণ ও প্রাথমিক তল্লাশি শেষে চূড়ান্ত অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল, সোয়াট এবং বাংলাদেশ কোস্ট গার্ড।
যৌথ বাহিনীর সদস্যরা কনটেইনার ইয়ার্ডে অভিযান চালিয়ে আত্মগোপনকারী পাঁচ সন্ত্রাসীকে আটক করেন এবং হামলায় ব্যবহৃত পিকআপ ভ্যান ও অস্ত্র জব্দ করেন।
পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর ও আহত একজনকে উদ্ধারের দৃশ্য প্রদর্শন করা হয়।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল সমন্বিতভাবে কাজ করে।
পাশাপাশি সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে ‘আইএসপিএস কোড’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড, যা জাহাজ ও বন্দর স্থাপনাকে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে প্রণীত।
পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে জরুরি সাড়াদান, তথ্য আদান-প্রদান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করতেই নিয়মিত এ ধরনের ড্রিল পরিচালনা করা হয়।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
সব কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয় এবং পর্যায়ক্রমে নিরাপত্তা স্তর-২ ও স্তর-১ কার্যকর করার মাধ্যমে বন্দরের নিয়মিত কর্মকাণ্ডে ফিরে আসার প্রক্রিয়া দেখানো হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


