কক্সবাজারের রামুতে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একই পরিবারের ওই সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের উদ্দেশে রওনা হন।
কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন জানান, দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুজন মারা যান, যাঁদের মধ্যে এক প্রবাসীর স্ত্রী ও এক শিশু রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
একই পরিবারের চার সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কাইম্যারঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


