দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বিগত শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার শিকার শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই দাবি জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা উল্লেখ করেন, রাষ্ট্রক্ষমতায় থাকাকালে পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে গুম, খুন ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না।
তাই ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে ‘আধিপত্যবাদের এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
পার্শ্ববর্তী দেশের মদদে তারা আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আরেকটি ‘ওয়ান-ইলেভেন’ ঘটানোর যেকোনো চেষ্টা তারা প্রতিহত করবেন।
একই সঙ্গে যেসব গণমাধ্যম এবং টকশো আলোচক এখনো পতিত সরকারের পক্ষে কথা বলছেন, তাদের বিরুদ্ধেও জনগণের ক্ষোভ বাড়ছে বলে বিবৃতিতে সতর্ক করা হয়।
অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফেরার সুযোগ পেয়েও আওয়ামী লীগ তাদের আচরণ পরিবর্তন করেনি।
পিলখানা, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। ফলে ভুক্তভোগীদের মতামত উপেক্ষা করে দলটির পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
বিবৃতিতে শেখ হাসিনার বর্তমান অবস্থান ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গও তুলে ধরা হয়।
হেফাজত নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে কোনো সভ্য রাষ্ট্রই রাজি হচ্ছে না, কারণ কোনো দেশই আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ এবং দ্য ইকোনমিস্ট তাঁর শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে অভিহিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেফাজত নেতাদের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমেও তাঁর শাসনামলের প্রকৃত চরিত্র উন্মোচিত হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


