দেশের বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারপ্রধানের এই সংলাপ প্রক্রিয়া শুরু হবে।
এনসিপির রাজনৈতিক পরিষদের এক সদস্য গণমাধ্যমকে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। সংলাপ ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির অবস্থান তুলে ধরে ওই নেতা বলেন, আমরা জানিয়েছি-ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সঙ্গে আমরা আছি।
একই সঙ্গে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গেও আমরা আমাদের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছি। সোমবারের নির্ধারিত বৈঠক নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতা ও নাশকতার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের পরপরই সব রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র-চ্যানেল টোয়েন্টি ফোর
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এসব ঘটনার মধ্যে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ছাড়াও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা রয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পৃথক এসব নাশকতা ও হামলার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিনজন নেতা ও দুজন বাস কন্ডাক্টরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
উদ্ভূত এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সংলাপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


