আন্দরকিল্লার দোকানে রোজকার ব্যস্ততা, সংসারের হাল ধরা আর দুই সন্তানকে ঘিরে সাজানো স্বপ্ন-সবকিছু থমকে গেল এক বিকেলের হঠাৎ পেটব্যথায়।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যখন মোহাম্মদ ইসমাইলকে (৪২) মৃত ঘোষণা করেন, তখন কেবল একটি পরিবারের ছাদই ভেঙে পড়েনি-বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে নেমে এসেছে শোকের গভীর ছায়া।
ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে।
নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যবসা করতেন তিনি। পেছনে রেখে গেছেন স্ত্রী শাহনাজ পারভীন এবং এক ছেলে ও এক মেয়েকে।
স্ত্রী শাহনাজ পারভীন জানান, প্রায় ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন ইসমাইল। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। যথাযথ চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন।
পরিবারের সদস্যরাও ধরে নিয়েছিলেন, বিপদ কেটে গেছে। কিন্তু শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে আর দেরি না করে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টার ব্যবধানেই সব শেষ।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে চরণদ্বীপের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন ইসমাইল। চাচার দাফন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন তার ভাতিজা মোহাম্মদ রবিউল হোসেন সুমন।
ইসমাইলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বোয়ালখালীর আরেকটি পরিবারে নেমে আসে অপূরণীয় ক্ষতি। তথ্য অনুযায়ী ২১ নভেম্বরের আগের দিন বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আম্মদ নবীর ছেলে নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
কাতারপ্রবাসী এই প্রকৌশলী নিজের মেয়েকে দেখতে দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন। বাবার ফেরার অপেক্ষায় থাকা ছোট্ট মেয়েটির সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় মাতমে।
প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে আপনজনের সান্নিধ্যে ফেরার এই গল্পটি তাই স্থানীয় মানুষের কাছে আরও বেশি মর্মান্তিক হয়ে উঠেছে।
একই উপজেলার দুটি ভিন্ন বাড়ির দুটি মৃত্যু জানান দিচ্ছে-ডেঙ্গু এখন আর মৌসুমি জ্বরের মধ্যে সীমাবদ্ধ নেই।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


