নারায়ণগঞ্জ থেকে কেনা মেশিনে চট্টগ্রামের ভাড়া বাসায় ইয়াবার কারখানা!

চ্যাটজিপিটি-ইউটিউবে মাদকবিদ্যা শিখে আকিব এখন ইয়াবার কারিগর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৬

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানের চেনা চিত্রের বাইরে গিয়ে এবার সামনে এল এক ব্যতিক্রমী ও উদ্বেগজনক বাস্তবতা। সীমান্ত পেরিয়ে আসা চালান জব্দের পাশাপাশি নগরের উপকণ্ঠে একটি ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামের সন্ধান পেয়েছে পুলিশ।

অভিযোগ উঠেছে, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় কৌশল রপ্ত করে ১৯ বছর বয়সী এক তরুণ নারায়ণগঞ্জ থেকে মেশিন এনে হাটহাজারীর ভাড়া বাসায় মাদক উৎপাদন শুরু করেছিলেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে আটক করা হয় তৌহিদুল আলম আকিব (১৯) নামের ওই তরুণকে।

প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে মাত্র দুই পিস ইয়াবা উদ্ধার হলেও, পরবর্তী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হাটহাজারীর কুয়াইশ এলাকার ভাড়া বাসায় থাকা ইয়াবা তৈরির মেশিনের তথ্য।

দুই পিসের সূত্র ধরে অভিযান, মেশিন ও সরঞ্জাম উদ্ধার

পুলিশ জানায়, আকিবকে আটকের সময় মোবাইল-৩১ ডিউটিতে ছিলেন পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে।

বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার পর এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ ওই বাসায় অভিযান চালান।মেশিন

অভিযানে আকিবের দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স।

গ্রেপ্তার তৌহিদুল আলম আকিবের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার মাজারগেইট এলাকায়। পিতার নাম জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি কুয়াইশের ওই ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

চ্যাটজিপিটি-ইউটিউবে মাদকবিদ্যা ও বদলে যাওয়া হিসাব

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আকিব যে তথ্য দিয়েছেন, তাতে অপরাধের ধরন ও প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার জায়গা তৈরি হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে এনে হাটহাজারীর ভাড়া বাসায় স্থাপন করেন।

ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন বলেও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

মাদক উৎপাদনের এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন এর আগেই চান্দগাঁও থানার পুরান কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ এবং সোহেল নামে একজনকে আটক করা হয়েছিল।

একদিকে বড় চালান উদ্ধার, অন্যদিকে ভাড়া বাসায় উৎপাদনযন্ত্র ও কাঁচামালসহ এক তরুণকে গ্রেপ্তারের ঘটনা-সব মিলিয়ে চান্দগাঁও ও আশপাশের এলাকায় মাদক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা ও শঙ্কা তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি