নগরীর টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলা-প্রকাশ্যে সাধারণ বাণিজ্যিক ভবনের আবরণ থাকলেও ভেতরে চলছিল ভিসা ও নথিপত্র জালিয়াতির তৎপরতা।
রোববার (২২ নভেম্বর) ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
এ ঘটনায় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে, গ্রেপ্তার আব্দুল মাবুদের জালিয়াতির ইতিহাস নতুন নয়। তাঁর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযানে অংশ নেন বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার কক্ষটি থেকে আব্দুল মাবুদের হেফাজতে থাকা জাল ভিসা, সংশ্লিষ্ট সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্ট ও নথিপত্রের উৎস এবং সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি এবং জাল দলিল ব্যবহারের অভিযোগ আনা হয়। পাশাপাশি মামলাটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারাও যুক্ত ছিল।
নতুন এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৪১ এবং তারিখ ২২ নভেম্বর ২০২৬।
এই মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট চক্রের অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


