আধিপত্যের জেরে ছাত্রলীগকর্মী সাগর হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সুমন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

ওই হামলায় সাগরের সঙ্গে থাকা আবদুল আজিজ নামে আরও এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত সাগরের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০২) দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে সুমন আত্মগোপনে চলে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, সাগর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি