চট্টগ্রাম রেজিস্ট্রি অফিসে অদৃশ্য প্রভাব এরাদুল হক ভুট্টোর!

রাজনৈতিক ছায়া, কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ-দুদকের ২ মামলা

২৭ মাস অনুপস্থিতি, আত্মগোপনে থেকেও বহাল তবিয়তে! প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২২:২২

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রার অফিসের খাতায় তিনি একজন অফিস সহকারী-এরাদুল হক ভুট্টো। এর আগে চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে টিসি মোহরার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কাগজে-কলমে তাঁর পদ ও কর্মস্থল স্পষ্ট হলেও বাস্তবতার ছকটি যেন ভিন্ন নিয়মে আঁকা।

অভিযোগ উঠেছে, সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় টানা ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসসহ অধীনস্থ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে তাঁর প্রভাবের বলয় এখনো অটুট বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ।

শুধু কর্মস্থলে অনুপস্থিতি বা প্রশাসনিক প্রভাবই নয়, এবার তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসায় চট্টগ্রাম রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অফিস সূত্র ও সংশ্লিষ্ট কর্মচারীদের দাবি, সরকারি চাকরিতে থাকাকালেই ২০২৩ সালের জুলাই মাসে এরাদুল হক ভুট্টো চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন।

এর আগে তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে তিনি নিবন্ধন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ থাকলেও ভুট্টোর বিরুদ্ধে কার্যকর কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাঁর প্রভাববলয়ের বাইরে গিয়ে কেউ অনিয়মের প্রতিবাদ করলে তাঁকে নানা কৌশলে হয়রানি কিংবা দুর্গম এলাকায় বদলি করার অভিযোগ উঠেছে।

নিজেদের সৎ ও দক্ষ দাবি করা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নানা কারণে কোণঠাসা করে রাখার কথাও বলছেন অনেকে।

সাবেক জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান দায়িত্বে থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের সঙ্গে ভুট্টোর ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে।

এই যোগসূত্র ও প্রভাব কাজে লাগিয়ে বদলি এবং কমিশন বাণিজ্যসহ নানা কর্মকাণ্ড পরিচালিত হতো বলে দাবি করেছেন কয়েকজন কর্মচারী।

এ ছাড়া জেলা রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

দুদকের অনুসন্ধানে যা উঠে এল
সম্পদের হিসাব গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক অ্যাপেল মাহমুদ বিপ্লব বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন জানান, কমিশনের নির্দেশেই মামলা দুটি করা হয়েছে।

দুদকের একটি মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ৩০ আগস্ট কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে এরাদুল হক ভুট্টো ১ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য দেন। কিন্তু অনুসন্ধানে তাঁর নামে ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৫৫০ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

একইভাবে অস্থাবর সম্পদের বিবরণীতে ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৬১ টাকার সম্পদ পাওয়া যায়।

২০১২-১৩ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ সম্পদ ও আয়ের হিসাবে বড় অসংগতি তুলে ধরে দুদক তাঁর বিরুদ্ধে ২ কোটি ৯০ লাখ ২২ হাজার ৭৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে।

অন্য মামলাটি করা হয়েছে ভুট্টোর স্ত্রী হাসিনা ইয়াছমিনের বিরুদ্ধে। এজাহার সূত্রে জানা গেছে, তিনি সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৭৪ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য দিলেও অনুসন্ধানে ৭৯ লাখ ১৪ হাজার টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়। অস্থাবর সম্পদের ক্ষেত্রে ৭৩ লাখ ৭১ হাজার ৪১৫ টাকার স্থলে ৭৫ লাখ ২৪ হাজার ২২ টাকার সম্পদ মিলেছে।

দুদকের হিসাব অনুযায়ী, পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তাঁর গ্রহণযোগ্য আয় ৫৫ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা ধরা হলে ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুদকের এজাহারে আরও বলা হয়েছে, স্ত্রীর নামে সম্পদ অর্জনের ক্ষেত্রে স্বামী এরাদুল হক ভুট্টোর সংশ্লিষ্টতা রয়েছে।

সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস বৈধ করার উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে স্ত্রীকে সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ১০৯ ধারার অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে টানা ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও কীভাবে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা সম্ভব হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না-এমন প্রশ্ন এখন রেজিস্ট্রি অফিসের ভেতরে-বাইরে ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে এরাদুল হক ভুট্টোর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। আধুনগর সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।সূত্র-ডিএস

তবে সাবেক জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ভুট্টো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, বিষয়টি তিনি আগে জানতেন না। জানার পর তাঁকে আর কোনো সহযোগিতা করেননি এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এসেছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি