back to top

চট্টগ্রামকে নিরাপদ সিটি গড়তে চসিক মেয়রের নানামুখী পদক্ষেপ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:১১

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

নগরের প্রবর্তক মোড়স্থ সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত সদস্যদের সন্তানদের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র শাহাদাত বলেন, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।

তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। তাছাড়া সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্নধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী।

স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।