কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন।
৩০ নভেম্বর রোববার ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় মিছিল করেন তারা। পরে ভিডিও ফুটেজ দেখে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩ নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০),পশ্চিম ধলই ২নং ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), ১ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ১২-১৫ জন নেতাকর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ।
তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে ছটকে পড়েন তারা।
মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়।
মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


