back to top

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১০:১৯

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত স্কুল ছাত্রীর নাম প্রান্তিকা সর্দার। বয়স ৯ বছর। সে ওই পাড়ার গণেশ সর্দারের মেয়ে এবং স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়তেন বলে জানা গেছে।

প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো প্রান্তিকা। এসময় দ্রুত গতির একটি মাইক্রোবাস এসে ধাক্কা দিলে আমার মেয়েটা ছিটকে পড়ে।

উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.রাবেয়া খাতুন জানান, গাড়ির ধাক্কায় আহত এক শিশুকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে তার আগেই শিশুটি মারা গেছেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহফুজুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে জানান ওসি।