back to top

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ অর্ধশতাধিক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৬:০৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু নিয়ে একটি ফেরি ডুবে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কমপক্ষে অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

এদিকে কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করেছেন।

বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ডের বাসিলান শাখার বরাতে এসব তথ্য জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে ‘ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি রওনা দেয়। তবে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।’

উদ্ধার তৎপরতা জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জনবল সংকট রয়েছে। উদ্ধার কার্যক্রমকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ পুরো তৎপরতার সমন্বয়ের দায়িত্বে রয়েছে।’

প্রসঙ্গত, প্রায় ১১ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৩০ জন নিহত হন।