back to top

একুশের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২৬

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথানত না করার।

একুশ আমাদের অহংকার। তাই একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একুশ যেকোনো স্বৈরাচারী বা শোষণমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে।

শনিবার (২১ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী এমপি আরো বলেন, আমার জীবনের সব চেয়ে প্রেরণার উৎস হলো- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটাই ছিল আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রেরণা।

৫২সালে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

লোহাগাড়া উপজেলা পরিষদকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ।

আমরা কোন ধরণের গতি হারা হবোনা। জনগণের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে কাজ করব। জনগণই আমাদের আসল শক্তি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর ও পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ প্রমুখ।