সিটিজি নিউজ টুডে: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে ড্রামট্রাক।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানে অবস্থান করা ব্যবসায়ী রফিক আহমদ (৬৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত রফিক আহমদ লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলমের ছোট ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজ শেষে রফিক আহমদসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি বাড়ির পাশের জিদ্দাবাজারের একটি চায়ের দোকানে বসে আলাপ করছিলেন।
এ সময় চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি ড্রামট্রাককে ধাক্কা দেয়।
ধাক্কার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ২টার দিকে রফিক আহমদের মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



