সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ মা ডেইরি ফার্মের নিচতলার একটি জুয়ার আসরে গভীর রাতে অভিযান চালিয়েছে থানা পুলিশ।
অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। একই রাতে পৃথক অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) রাতে পটিয়া থানার একটি দল কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মা ডেইরি ফার্মের নিচতলায় অভিযান চালায়।
হাজী দুলাল মিয়ার ভবনের নিচতলায় প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আশিয়া এলাকার মো. হারুন (৪৩), কুসুমপুরা এলাকার ফয়েজ আহম্মেদ (৪৫) এবং শোভনদন্ডী ইউনিয়নের লাউয়ারখীল এলাকার মো. শহিন আলম (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার দুই সেট তাস, নগদ ৯ হাজার ৪০০ টাকা এবং জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা জব্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই রাতে পৃথক অভিযানে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার হাঁসের দীঘি এলাকার মো. জাহিদুল ইসলাম ওরফে হাসান (২৩) নামে একজনকে আটক করে পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদের দিকনির্দেশনায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক ইউসুফ আলী মৃধা, সহকারী উপপরিদর্শক মীর মো. মনির, মাসুকুর রহমান ও শামীম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “মাদক, জুয়া ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি জানান, আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


