back to top

সিএমপির কমিশনার হিসেবে হাসান মো. শওকত আলীর দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ১১:৩১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী।

বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ–এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব গ্রহণ শেষে নগরীর লালদিঘী এলাকায় সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন নতুন কমিশনার।

সভায় তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

কর্মজীবনে তিনি সিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালি–তে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এ ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি