back to top

নগরে অবৈধ বিলবোর্ড-ব্যানার সহ্য করা হবে না: মেয়র শাহাদাত

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ১১:৫২

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদের অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বুধবার দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে সড়ক ও আশপাশের বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

এসময় মেয়র নিজেই নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার খুলে ফেলেন, যা উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার এই পদক্ষেপ নগর ব্যবস্থাপনায় আইনের সমান প্রয়োগের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগর গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগে একাধিক দোকান মালিককে সতর্ক করা হয়। মেয়র নিজে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য নির্ধারিত। এটি দখল করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

চসিকের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে।

নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি