সিটিজি নিউজ টুডে : কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় গৃহবধূ ফারজানা আক্তার লিমা হত্যার ঘটনায় তাঁর স্বামী শিপন মিয়া (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন।
র্যাব জানায়, হত্যার পর আত্মগোপনে থাকা শিপন মিয়াকে শুক্রবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন মিয়া কুমিল্লা নগরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এলাকার বাসিন্দা সুদন মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ বিক্রেতা ছিলেন—গরমকালে ডাব এবং শীতকালে পিঠা বিক্রি করতেন।
স্ত্রী ফারজানা আক্তার লিমাও এ কাজে তাঁকে সহযোগিতা করতেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে ভালোবেসে তাঁদের বিয়ে হয়। তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়।
গত ২৭ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে ফারজানা আক্তার লিমার সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের কথা কাটাকাটি হয়। পরে শিপন মিয়া বাড়িতে ফিরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে শিপন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা মিলে ফারজানাকে বৈদ্যুতিক তার বা ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই শিপন মিয়া পলাতক ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



