আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকার এক কোণে গোপনে চলছিল ভয়াবহ জালিয়াতি। বাইরে সাধারণ গুদাম মনে হলেও ভেতরে জমা হচ্ছিল পোড়া তেল, যা রিফাইন করে ভরে দেওয়া হচ্ছিল খ্যাতনামা ব্র্যান্ডের বোতলে।
চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকার সেই ভেজাল মবিল সাম্রাজ্যে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তবে অভিযানের বার্তা পেয়ে সটকে পড়েছেন মালিকপক্ষের লোকেরা। পরে কোনো উপায় না পেয়ে দুটি গুদামই সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযান প্রসঙ্গে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই পোড়া তেল, নকল ও ভেজাল মবিল মজুত করা হচ্ছিল।
আমরা মূলত নকল ও ভেজাল মবিলের বেআইনি কারবারটিই তদারকি করছিলাম। একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ পোড়া মবিল পাওয়া গেছে, যা প্রক্রিয়াজাত করে নামিদামি ব্র্যান্ডের বোতলে ভরে বাজারজাত করা হতো।
তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে দুটি কারখানার মালিকপক্ষের কাউকেই পাওয়া যায়নি। ফলে আইনগত ব্যবস্থা হিসেবে গুদাম দুটি সিলগালা করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই কদমতলী পোড়া মসজিদ এলাকারই একটি মবিল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার কঠোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লোকালয়ে এভাবে অনুমোদনহীন মবিল ও কেমিক্যালের গুদাম স্থাপন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


