চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে আট কলেজে শতভাগ পাস করলেও পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।
শতভাগ ফেল করা ৫ কলেজ
নগরের চান্দগাঁও এলাকার মেরনসান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দু’জনের কেউ পাস করেনি।
মেরিট বাংলাদেশ কলেজ থেকে শুধুমাত্র একজন পরীক্ষা দিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছে।
পাহাড়তলী এলাকার সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। তারা কেউ পাস করেনি।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছে। সে অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও পাস করেননি।
যে ৮ কলেজে শতভাগ পাস
চট্টগ্রামের হালিশহরের ক্যামব্রেন স্কুল এন্ড কলেজ থেকে ৩৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ১৮৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
সীতাকুণ্ডের বারবকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮০ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন, লামার কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬২ জন, চট্টগ্রামের নেভী অ্যাঙ্করেঞ্চ স্কুল এন্ড কলেজ ৩৪ জন, আনোয়ারা কাফকো স্কুল এন্ড কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবার ৫ কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। অন্য দিকে ৮ কলেজ থেকে শতভাগ পাস করেছে।
এবার ফলাফল মূল্যয়নের ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মেধাবী শিক্ষার্থীরা পাস করে এসেছে।
পাস হওয়া শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ। তারা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
তিনি বলেন, যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন।
ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।


